চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে পাহাড় কেটে পরিবেশের ভারসাম্য ধ্বংসের প্রতিবাদ করায় স্থানীয়দের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ভাটিয়ারীস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মীর গ্রুপের মালিকানাধীন ‘মীর ব্রিক’ নামের ইটভাটা নির্বিচারে পাহাড় কেটে পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটাচ্ছে।
তাদের দাবি, এ অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদ জানালেই স্থানীয়দের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করা হচ্ছে। সম্প্রতি পাহাড় কাটার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় দুইজন যুবককে গ্রেফতার করা হয়েছে বলেও অভিযোগ উঠে। এছাড়া, প্রতিবাদকারীদের ‘চাঁদাবাজ’ আখ্যা দিয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা চলছে বলে জানান বক্তারা।
মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে মীর ব্রিক ফিল্ড বন্ধ, দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং গ্রেফতার দুই গ্রামবাসীর নিঃশর্ত মুক্তির দাবি জানান সংশ্লিষ্ট প্রশাসনের কাছে।
মো. রমজান আলী মেম্বারের সভাপতিত্বে এবং মো. শহীদুল ইসলাম শহিদের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন ভাটিয়ারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আনোয়ার, বিএনপি নেতা খোরশেদ আলম মেম্বার, সোলাইমান রাজ, হেলাল উদ্দিন বাবর, মাওলানা মো. ইসমাইল, কোরবান আলী সাহেদ, মো. ফিরোজ আলম, মো. কায়সার আলম, মাসুদ পারভেজ, লিয়াকত আলী চৌধুরী, নাছির সওদাগর, মো. সোলায়মান, মো. আলমগীর ওয়াসিম, শাওন, আসিফ, জাবেদ, মশিউদ্দৌলা, ইয়াছিন, ইলিয়াস, সুজন ও হানিফ মাঝিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
পড়ুন-হিলিতে তেল বিক্রি বন্ধ রেখে পালানোর চেষ্টা: জনরোষের মুখে ট্যাগ অফিসার, সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার
দেখুন- হরমুজ প্রণালিতে কি ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলো?


