ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলম বলেছেন, আগামী সংসদ নির্বাচনকে ব্যর্থ করার চেষ্টা চলছে। কোনো ছোটখাটো বিষয় নিয়ে নির্বাচনকে ব্যাহত হতে দেওয়া যাবে না। কিছু রাজনৈতিক দল ইতোমধ্যে পিআর নিয়ে আন্দোলনে নেমেছে, বাংলাদেশের মানুষ পিআর গ্রহণ করবে না। তারা তাদের প্রিয় ও কাঙ্ক্ষিত প্রার্থীকে বেছে নিতে চায়।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে চরফ্যাশন উপজেলা সদরে ৩১ দফা সংস্কারের লিফলেট বিতরণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
নাজিম উদ্দীন আলম আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন, নেতাকর্মীরা স্ব-স্ব এলাকায় গিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গা উৎসব সুন্দরভাবে উদযাপনে সহযোগিতা করবে। তিনি আশা প্রকাশ করেন, সকল নেতাকর্মী উৎসবে সম্পৃক্ততা দেখাবেন।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজি, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল,উপজেলা শ্রমিক দলের সভাপতি মীর আবুল কালাম আজাদ এবং উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি রিয়াদ সিকদার।
এছাড়াও চরফ্যাশন উপজেলা বিএনপি এবং ২১টি ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পড়ুন : পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবীতে চরফ্যাশনে জামায়াতের বিক্ষোভ মিছিল


