বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কিছু রাজনৈতিক দল বলছে পিআর পদ্ধতির কথা। এটা কি সাধারণ জনগণ বলতে পারে? এটা কি নারকেল তেলের মতো মাথায় দিয়ে মাখে, নাকি সাবানের মতো গুলিয়ে শরীরে দেয়? হঠাৎ করে দুই একটি রাজনৈতিক দল এ কথা বলছেন, যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তারাও বলছেন।
তিনি আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের লোকনাথ ট্যাংকের পাড় ময়দানে জেলা বিএনপির সদস্য নবায়ন এবং প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
এসময় রুহুল কবির রিজভী বলেন, আপনার এলাকায় কে এমপি হবেন তা আপনি জানা দরকার। যে আপনার এলাকার ভাল মানুষ, যে আপনার সুখে দু:খে পাশে থাকে তাকেই তো আপনি বাছাই করবেন। পিআর পদ্ধতিতে ভোট দিলে দল বাছাই করে দিবে। এখানে অনেক অনৈতিক ঘটনা রাজনৈতিক দলেও ঘটতে পারে। যারা আন্দোলন সংগ্রামে ছিল না, তারা বাদ দিয়ে হঠাৎ করে দুর্নীতিবাজ লোক নমিনেশন পেয়ে যেতে পারে। রাজনৈতিক দল গুলো কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারে। গত ১৬ বছর বিএনপি সহ সমমনা দলগুলো গণতন্ত্রের জন্যে খুন, হামলা, মামলা, গুমের শিকার হলো তা বিফলে যাবে। শেখ হাসিনা যা চাচ্ছেন, পিআর পদ্ধতি তা অনেকটা ওই রকম।
তিনি আরও বলেন, বিএনপি সংস্কারের কথা কখনও নিষেধ করেনি, না বলেনি। প্রতিটি সংস্কারের বৈঠকে বিএনপি উপস্থিত থেকে বলেছে যে, প্রয়োজনীয় যে সংস্কার, সে সংস্কার করে নির্বাচনে যাবে। কিন্তু নির্বাচন যেন দীর্ঘায়িত না হয়- সেই কথা বারবার বলে এসেছে। কিন্তু উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কেউ কেউ নির্বাচন পেছানোর কথা বলে। কেনো এই উদ্দেশ্য সেটা আমরা জানি।
সভায় কেন্দ্রীয় বিএনপি’র অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বিএনপি’র কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া, বিএনপি’র কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদ মোস্তাক মিয়া, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম জেলা শাখার টিম লিডার আহসান উদ্দিন খান শিপন প্রমূখ।
পরে প্রধান অতিথি নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম কর্মসূচির ফরম বিতরণ করেন।
পড়ুন: সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত কল্যাণ সংস্থা মাদারীপুর’ এর মাসিক সভা অনুষ্ঠিত
দেখুন: কিশোরগঞ্জে ফিসারিতে স*ন্ত্রা*সী হামলা, লুটপাটের অভিযোগ |
ইম/


