প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগ (পিএসএল) মাতাতে যাচ্ছেন বাংলাদেশের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। টুর্নামেন্টের একাদশ আসর সামনে রেখে সাবেক চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে এই টাইগার পেসারকে। ফ্র্যাঞ্চাইজিটিতে তিনি সতীর্থ হিসেবে পাচ্ছেন বাংলাদেশের আরেক তরুণ গতির তারকা নাহিদ রানাকে।
সোমবার নিজেদের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অ্যানিমেটেড পোস্টারের মাধ্যমে শরিফুলের দলভুক্তির বিষয়টি নিশ্চিত করে পেশোয়ার জালমি। সেই পোস্টারে শরিফুলকে ‘বেঙ্গল টাইগার’ আখ্যা দিয়ে সিংহাসনে বসা অবস্থায় উপস্থাপন করা হয়। দলটির অফিশিয়াল এক্স হ্যান্ডেলে উচ্ছ্বাস প্রকাশ করে লেখা হয়, শরিফুলের অন্তর্ভুক্তিতে তাদের ‘ইয়েলো স্টর্ম’ আরও শক্তিশালী হয়েছে। হলুদ জার্সিতে এই এক্সপ্রেস পেসার মাঠে গতির ঝড় তুলতে প্রস্তুত বলেও উল্লেখ করে ফ্র্যাঞ্চাইজিটি।
২০২১ সালে আন্তর্জাতিক অভিষেকের পর থেকেই জাতীয় দলের পেস বোলিং আক্রমণের অন্যতম ভরসা ২২ বছর বয়সী শরিফুল। দেশের হয়ে এখন পর্যন্ত ১৪টি টেস্ট, ৪০টি ওয়ানডে ও ৫৯টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। বিশেষ করে কুড়ি ওভারের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার ধারাবাহিকতা দারুণ। স্বীকৃত টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১৫৬ ম্যাচ খেলে ২২.২৭ গড়ে ১৯৫টি উইকেট শিকার করেছেন বাঁহাতি এই পেসার। এছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) তিনি অন্যতম সফল বোলার, ৬০ ইনিংসে ২০.৩৫ গড়ে তার ঝুলিতে রয়েছে ৮৭ উইকেট।
আগামী ২৬ মার্চ পর্দা উঠতে যাচ্ছে পিএসএলের নতুন আসরের। এবারের আসরটি প্রথমবারের মতো আটটি দল নিয়ে পাকিস্তানের ছয়টি ভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি।
তারকা ব্যাটার বাবর আজমের নেতৃত্বে আগামী ২৮ মার্চ নিজেদের শিরোপা পুনরুদ্ধারের মিশন শুরু করবে পেশোয়ার জালমি। দলটির স্কোয়াডে শরিফুল ও নাহিদ রানা ছাড়াও রয়েছেন মাইকেল ব্রেসওয়েল, জেমস ভিন্স এবং কুশল মেন্ডিসের মতো বিদেশি তারকারা।
পড়ুন:নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা
দেখুন:প্রতারণার শিকার হয়ে নিজেই শুরু করেন প্রতারণা
ইমি/


