প্রথমবারের মতো নারী ক্রিকেটারদের নিয়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত মাসে তারা নারী বিপিএল আয়োজন নিয়ে চূড়ান্ত ঘোষণা দিয়েছিল। তিন ফ্র্যাঞ্চাইজি নিয়ে আগামী ৪ থেকে ১৪ এপ্রিল এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
তবে একটি ফ্র্যাঞ্চাইজি না পাওয়ায় এপ্রিলে হচ্ছে না নারী বিপিএল।
এপ্রিল থেকে সরিয়ে বিপিএল হতে পারে জুলাইয়ে। ক্রিকবাজের এক প্রতিবেদনে এমনটিই জানা গিয়েছে। নারী বিপিএলের দুটি দলের নাম চূড়ান্ত হয়েছিল। রাজশাহী ওয়ারিয়র্স এবং চিটাগং পাইরেটস। এছাড়া ফ্র্যাঞ্চাইজি কেনার আগ্রহ প্রকাশ করেছিল রংপুর রাইডার্সও।
এদিকে ভেন্যু হিসেবে প্রথমে বলা হয়েছিল, মিরপুর শেরে-ই বাংলা এবং চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের নাম। তবে নতুন করে যুক্ত হয় বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। এমনকি বিপিএলের উদ্বোধনী ম্যাচও সেখানে হওয়ার কথা ছিল।
বিপিএলে তিন ফ্র্যাঞ্চাইজিতে আইকন হিসেবে রাখা হয়েছিল জাতীয় দলের তিন ক্রিকেটারকে এবং তারাই নেতৃত্ব দেবেন তিন দলকে। আইকন ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ১০ লাখ টাকা। যেখানে রয়েছেন নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার ও সোবহানা মোস্তারি।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

