পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিট (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য নেওয়া বিভিন্ন সহায়ক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পিবিপ্রবি) কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিট (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। পরীক্ষা পিবিপ্রবির একাডেমিক ভবন ও পিরোজপুর সরকারি মহিলা কলেজ উপকেন্দ্রে একযোগে নেওয়া হয়। এতে উপস্থিতির হার ছিল ৭১ শতাংশ।
একই দিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত আর্কিটেকচার বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিতির হার ছিল ৪৬ শতাংশ।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, পরীক্ষার্থীদের সার্বিক সহায়তায় হেল্প ডেস্ক, জরুরি মেডিকেল সেবা, অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা ও বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা রাখা হয়। এসব উদ্যোগে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সন্তোষ লক্ষ্য করা গেছে।
পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম কেন্দ্র ও কন্ট্রোল রুম পরিদর্শন করেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ, পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম এবং ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মুহাঃ আমিনূর রহমান।
ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় উপাচার্য সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, জেলা ও পুলিশ প্রশাসন, বিদ্যুৎ বিভাগ এবং গণমাধ্যমকর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম সফলভাবে পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন।
উপাচার্য বলেন, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজনের ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে এবং যাতায়াতের ভোগান্তি কমছে। পরীক্ষার্থীদের সুবিধার্থে কেন্দ্র ও ভবন নির্দেশক, রোল নম্বর তালিকা দৃশ্যমান স্থানে টাঙানো হয় এবং স্বেচ্ছাসেবক দল সার্বক্ষণিক সহায়তা প্রদান করে।
উল্লেখ্য, দেশের ২১টি কেন্দ্রে একযোগে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় কেন্দ্রেও পরীক্ষা নেওয়া হয়। সারাদেশে প্রায় দেড় লাখ শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। এর আগে গত ২৭ মার্চ ‘সি’ ইউনিট (মানবিক) এবং ৩ এপ্রিল ‘বি’ ইউনিট (বাণিজ্য) পরীক্ষাও অনুষ্ঠিত হয়।
পড়ুন- কৃষি কার্ডের উদ্বোধন করতে ১৪ এপ্রিল টাঙ্গাইল যাবেন প্রধানমন্ত্রী
দেখুন- গাঁ/জা সেবনে ব্যস্ত নওগাঁর মহাদেবপুর কৃষক দলের সহ-সভাপতি


