বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে পিরোজপুরের এক জেলের জালে ধরা পড়েছে বিপুল পরিমাণ মূল্যবান লাক্ষা মাছ। মোট ৫০টি লাক্ষা মাছ বিক্রি হয়েছে প্রায় ১০ লাখ টাকায়।
সোমবার (০৬এপ্রিল) জেলার পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে এসব মাছ এক পাইকারি ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়। পরে মাছগুলো চট্টগ্রামে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় জেলেদের সূত্রে জানা যায়, ইন্দুরকানি উপজেলার পূর্ব চরবলেশ্বর গ্রামের জেলে দুলার ফকিরের একটি ট্রলার সম্প্রতি বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। সেখানে জেলেরা সাগরে জাল ফেললে একসঙ্গে ৫০টি লাক্ষা মাছ ধরা পড়ে। প্রতিটি মাছের ওজন ১০ থেকে ২২ কেজির মধ্যে।
হঠাৎ এমন মূল্যবান মাছ ধরা পড়ায় জেলেদের মাঝে আনন্দের দেখা যায়। পরে তারা মাছগুলো নিয়ে পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে ফিরে আসেন। খবর পেয়ে এক পাইকারি মাছ ব্যবসায়ী ঘটনাস্থলে এসে পুরো চালানটি ১০ লাখ টাকায় কিনে নেন।
স্থানীয়রা জানান, এ ধরনের বড় আকারের লাক্ষা মাছ খুব একটা দেখা যায় না। ফলে এই ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
সমুদ্রের অনিশ্চয়তার মাঝেও এমন সৌভাগ্য জেলেদের জীবনে স্বস্তির হাসি এনে দেয়—এক জালেই মিলল লাখ টাকার সুখ।
পড়ুন : সামুদ্রিক জলসীমায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে পিরোজপুরে টাস্কফোর্স সভা


