বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে এক র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় জেলা মহিলা দলের উপদেষ্টা জাকিয়া আসলাম এর সভাপতিত্বে এবং জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এ্যাড. রহিমা আক্তার হাসির সঞ্চালনায় বক্তব্য রাখেন—প্রফেসর শাহানা আক্তার, মহিলা দল নেত্রী রোজি আক্তার, নাজিরপুর উপজেলা মহিলা দলের সভাপতি শিল্পী আক্তারসহ বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। তাঁর আদর্শকে ধারণ করে মহিলা দলের নেতাকর্মীরা সব সময় সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তারা আরও বলেন, আজ দেশ কঠিন সময় পার করছে। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার পুনরুদ্ধারে মহিলা দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগের কথা তুলে ধরে তাঁর সুস্থতা কামনা করেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান। তারা বলেন, মহিলা দলের প্রতিটি নেতাকর্মীকে ঘরে ঘরে গিয়ে সংগঠনকে শক্তিশালী করতে হবে এবং বিএনপির আন্দোলন-সংগ্রামকে সফল করতে অঙ্গীকারবদ্ধ থাকতে হবে।
পড়ুন: কুষ্টিয়ায় আধিপত্য নিয়ে সংঘর্ষে নিহত ২
দেখুন: টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে নোয়াখালী ও কুমিল্লায় নদীভাঙন
ইম/


