গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি বিশেষ টিম মাদকবিরোধী সফল অভিযান পরিচালনা করেছে। শনিবার (১৬ নভেম্বর ২০২৫) দুপুর ১টায় ডিবির অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলাম এবং এসআই মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ডিবি সূত্রে জানা গেছে, মাদকবিরোধী বিশেষ তৎপরতার অংশ হিসেবে পিরোজপুর সদর থানার ৫নং ওয়ার্ডের কাপুড়িয়াপট্টি এলাকার আলহামদুলিল্লাহ মার্কেটের ৫ম তলা ভবনের ৪র্থ তলায় অভিযান চালানো হয়। এসময় আসামী মোঃ মিজানুর জামানের শয়নকক্ষের ওয়াড্রোবের ভেতর একটি কাপড়ের ব্যাগে ২০০ পিস করে প্যাকেটজাত মোট ৬০,০০০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত মিজানুর জামান (৪৮) প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তার স্থায়ী ঠিকানা বাগেরহাট জেলার কচুয়া থানার টেংরাখালী এলাকায়। তিনি বর্তমানে আলহামদুলিল্লাহ মার্কেটের ৪র্থ তলায় বসবাস করতেন। তার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ঠিকানা চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার বড় কুমিরা এলাকার জেবল হোছেন চৌকিদার বাড়ি।
পিরোজপুর জেলা পুলিশ জানায়, মাদক নির্মূলে তারা বরাবরের মতো ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানানো হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পড়ুন: ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত
দেখুন: স্বামীর জীবন প্রদীপ নিভিয়ে স্ত্রীর আত্মসমর্পণ |
ইম/


