পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে ঢুকে ভাংচুর চালিয়ে ভিডিও করা সেই যুবকের পরিচয় পাওয়া গেছে। তিনি জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইমরান আহমেদ সজিব। এ ঘটনায় ছাত্রদলের এ নেতাকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
এর আগে বৃহস্পতিবার রাতে কলেজে ভাংচুরের ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে কলেজের অধ্যক্ষ পান্না লালা রায়।
এ সময়ে সেই ভাংচুরের ভিডিও ধারন করেছে যুবকের সাথে থাকা অন্যরা। বৃহস্পতিবার বিকেল থেকে ভাংচুরের সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়েছে। তবে কি উদ্দেশ্যে কলেজে এ হামলা ও ভাংচুরের ঘটনা তা জানাতে পারেনি কলেজ কর্তৃপক্ষ।
কলেজের অধ্যক্ষ পান্না লাল রায় জানান, কলেজ ভাংচুরের ঘটনায় বৃহস্পতিবার রাতেই থানায় অভিযোগ করা হয়েছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, কলেজের পক্ষ থেকে জিডি করা হয়েছে। তদন্ত করে আদালতে প্রতিবেদন দেওয়া হবে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের একটি কক্ষে ঢুকে ক্যাপ পড়া ও মুখ ঢাকা এক যুবক ব্যাপক ভাংচুর চালায়। এ সময় তার সাথে থাকা কেউ একজন ভাংচুরের ভিডিও করে। এরপর বৃহস্পতিবার বিকেল থেকে কলেজে ভাংচুরের সেই ভিডিও ফেইসবুকে ভাইরাল হয়। শিক্ষা প্রতিষ্ঠানে ভাংচুরের এ ভিডিও ছড়িয়ে পরলে ফেসবুকে প্রতিবাদ শুরু হয়।
শুক্রবার যুবকের পরিচয় নিশ্চিত হওয়ার পরে সন্ধ্যায় জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইমরান আহমেদ সজিবকে দল থেকে বহিষ্কার করা হয়।
পড়ুন : পটুয়াখালীতে নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজনে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত


