পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ১৪ জন কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সিআইডিতে কর্মরত ডিআইজি এস এম ফজলুর রহমানকে রাজারবাগ পুলিশ টেলিকম ইউনিটে এবং সিআইডির অপর ডিআইজি মো. সাজ্জাদুর রহমানকে এপিবিএনে বদলি করা হয়েছে। এ ছাড়া এসবির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফয়েজুল কবিরকে পদোন্নতি দিয়ে এসবির ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ ওসমান গণি ও সানা শামীনুর রহমানকে একই ইউনিটে (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে নতুন দায়িত্ব দেয়া হয়েছে। সিআইডির অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খানকে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
মাঠ পর্যায়ের এবং বিশেষায়িত ইউনিটের বেশ কয়েকজন পুলিশ সুপারকেও (এসপি) নতুন দায়িত্ব দেয়া হয়েছে। টুরিস্ট পুলিশের এসপি খন্দকার খালিদ বিন নুরকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) এবং এসবির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামানকেও ডিএমপির ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
নোয়াখালীর পিটিসির এসপি আসমা বেগম রিটাকে এপিবিএন সদর দফতরে এবং খুলনা পিটিসির এসপি সোমা হাপাংকে ময়মনসিংহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
প্রশাসনিক কাজের সুবিধার্থে বেশ কয়েকজন কর্মকর্তাকে পুলিশ অধিদফতরে (হেডকোয়ার্টার্স) আনা হয়েছে। এদের মধ্যে রয়েছেন নৌ-পুলিশের (চট্টগ্রাম অঞ্চল) এসপি আ ফ ম নিজাম উদ্দিন, এসবির বিশেষ পুলিশ সুপার মাহফুজা লিজা এবং রেলওয়ে পুলিশের এসপি মো. সাইফুল হক (এআইজি হিসেবে)। এ ছাড়া এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. যায়েদ শাহরীয়ারকেও পুলিশ অধিদফতরে বদলি করা হয়েছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

