কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের আলগারচর গ্রামে পুলিশের মাদকবিরোধী অভিযানে হামলার ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার (২৭ মে) সকাল সাড়ে ৬টার দিকে মাদক ব্যবসায়ী চক্র পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়, যাতে দুই পুলিশ সদস্য আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) শ্রী নন্দলাল চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল আনোয়ার হোসেন, মানিক মিয়া, ইসমাইল ও এরশাদের বাড়িতে অভিযান চালায়। অভিযানে সাড়ে চার কেজি গাঁজা, তিন হাজার পঁয়তাল্লিশ পিস ইয়াবা ট্যাবলেট, ভারতীয় মুদ্রা, এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আসামিদের আটক করে পুলিশের দল বাড়ি থেকে বের হওয়ার সময় গ্রেপ্তারকৃতদের আত্মীয়-স্বজন ও স্থানীয়রা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। তারা ইটপাটকেল ছুড়ে, লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে পুলিশের ওপর আক্রমণ করে আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়।
পুলিশ আত্মরক্ষার্থে ৮ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে, এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এএসআই মনির হোসেন ও কনস্টেবল রাকিবুল আহত হন, যাদের রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান জানান, পুলিশ মানিক ও আনোয়ারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে, তবে ইসমাইল ও এরশাদ এখনও পলাতক। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এনএ/


