বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল অভিযোগ করেছেন, চাঁপাইনবাবগঞ্জে থানাকে ব্যবহার করে ইউনিয়নগুলোতে এক পক্ষের মামলা, আরেক পক্ষের মামলা এই সমস্ত করে ইউনিয়নের জনজীবনকে বিপর্যস্ত করার জন্য চেষ্টা করা হচ্ছে। যেই মামলাটি হওয়া উচিত সেটির জন্য তদবির লাগে আর যেই মামলাটি হওয়ার প্রয়োজন নাই সেটিই আগে হয়ে যায়। এই ঘটনাগুলো চাঁপাইনবাবগঞ্জের থানায় হচ্ছে। আমি পুলিশ প্রশাসনকে খুবই পরিষ্কার করে বলতে চাই, আপনারা পক্ষপাতিত্ব করবেন না।
শনিবার (৩০ আগস্ট) রাত ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল মসজিদের অডিটেরিয়ামে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক জনশক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় এ অভিযোগ করেন তিনি। নুরুল ইসলাম বুলবুল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী।
পুলিশ ও প্রশাসনকে সতর্ক করে তিনি বলেন, আপনাদের নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। এসপি ও ডিসি সাহেবের দায়িত্ব রয়েছে। পরিষ্কারভাবে বলতে চাই, আর যদি চাঁদাবাজি করা হয়, তাহলে পুলিশ প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে, আইন যাতে জনগণ হাতে তুলে না নেয়। এ ব্যাপারে আমি আগেই পুলিশ প্রশাসনকে সতর্ক হওয়ার জন্য অনুরোধ করছি।
নুরুল ইসলাম বুলবুল আরো বলেন, এসপি ও ওসির নাকের ডগা দিয়ে সন্ত্রাস, চাঁদাবাজি ও লুটপাট হবে; মাছের ঘের, খাল ও নদী দখল হবে আর আপনারা ভিলেজ পলেটিক্সের নামে এক পক্ষের পদক্ষেপ (মামলা) নেবেন, এগুলো আমরা মেনে নেব না। প্রশাসন কোনো একটি বিশেষ দলের আনুগত্য করার জন্য ভূমিকা পালন করলে শুধু চাঁপাইনবাবগঞ্জবাসী নয়, দেশবাসীও এটা মেনে নেবে না। ওসি সাহেব, আমি পরিষ্কার করে বলতে চাই আপনি নিরীহ জনগণের পক্ষ নেবেন, আপনি নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। যেই মামলা নেওয়া উচিত সেটি নেবেন আর যেটি নেওয়া উচিত নয় সেটি আপনি নেবেন না।
পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে জামায়াতের এ নেতা বলেন, আপনারা শক্তের ভক্ত আর নরমের জম হয়ে যদি কোনো ভূমিকা পালন করেন তাহলে এটা চাঁপাইনবাবগঞ্জের মানুষ মেনে নেবে না। আমার কাছে খবর আছে,
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ প্রশাসনের মাধ্যমে নিরীহ জনগণ লাঞ্ছিত হচ্ছে। আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করব, নিরপেক্ষ ভূমিকা পালন করুন। আপনারা কোনো দলের পক্ষে ভূমিকা রাখবেন না; এটা আমরা মেনে নেব না। চাঁপাইনবাবগঞ্জের মানুষ এটা মেনে নেবে না।
নুরুল ইসলাম বুলবুল বলেন, আমরা ভিলেজ পলিটিক্স থেকে জনগণকে মুক্তি দিতে চাই। ভিলেজ পলিটিক্সে রাজনৈতিক দলগুলো উভয় গ্রুপকে লাগিয়ে দিয়ে এখান থেকে ফায়দা হাসিল করতে চায়। এখান থেকে জনগণকে উদ্ধারের জন্য প্রশাসনকে ভূমিকা পালন করতে হবে।
চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী ইকবাল আহমেদের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, জেলা জামায়াতের নায়েবে আমির ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মুখলেসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌর আমির হাফেজ গোলাম রাব্বানী, জামায়াত নেতা কবিরুল ইসলাম কবির ও শ্রমিক নেতা রবিউল ইসলাম রবিসহ প্রমুখ।
পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ বিএনপিতে ঐক্যের সুর, এক মঞ্চে বসছেন ‘জাকা-রফিক’
এস/


