পুলিশ হত্যার ইস্যু জুলাই যুদ্ধের ময়দানে শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জুলাই যোদ্ধাদের সুরক্ষা অধ্যাদেশ সংসদে সর্বসম্মতিভাবে বিল আকারে পাস করার বিষয়ে ঐকমত্য হয়েছে বলেও জানান তিনি।
এর আগে, গণভোট অধ্যাদেশ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “অধ্যাদেশটির উদ্দেশ্য ছিল একটি নির্দিষ্ট গণভোট আয়োজন করা, যা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এর অধীনে ভবিষ্যতে আর কোনো গণভোট অনুষ্ঠিত হবে না। তাই এটিকে পুনরায় অনুমোদন করে আইন হিসেবে পাস করার কোনো যৌক্তিকতা নেই।”
তিনি আরও জানান, সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী জারি করা অধ্যাদেশগুলো সংসদে উপস্থাপন করা হয়েছে এবং অধিবেশন শুরুর ৩০ দিনের মধ্যে সেগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তবে সংশ্লিষ্ট গণভোট অধ্যাদেশের কার্যকারিতা ইতোমধ্যে শেষ হওয়ায় এটি আইন হিসেবে প্রণয়নের প্রয়োজনীয়তা নেই।
বিশেষ কমিটির বৈঠক প্রসঙ্গে মন্ত্রী বলেন, মোট ১৩৩টি অধ্যাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এর মধ্যে অনেকগুলো অপরিবর্তিত অবস্থায় পাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কিছু অধ্যাদেশ সংশোধন করে বিল আকারে আনার পরিকল্পনা রয়েছে। তবে নির্ধারিত সময়সীমা (আগামী ১০ তারিখের মধ্যে) স্বল্প হওয়ায় সবগুলো বিল আকারে উপস্থাপন করা সম্ভব হবে না। অবশিষ্ট অধ্যাদেশগুলো পরবর্তী অধিবেশনে বিল হিসেবে আনা হবে।


