দিনাজপুর সদর উপজেলায় বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৭ মে) দিনাজপুর সদর উপজেলা হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রভড নিউট্রিশন (গেইন)-এর সার্বিক সহযোগিতায় এ কর্মশালা আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এ্যাসিল্যান্ড মোঃ বোরহান উদ্দীন, বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। এছাড়া গেইন-এর কনসালটেন্ট নীহার কুমার প্রামানিক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, ইউপি সদস্য, সাংবাদিক, বাজার কমিটির সভাপতি, আদিবাসী প্রতিনিধি, শিক্ষক, নারী উদ্যোক্তা, ইমাম এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মোঃ বোরহান উদ্দীন বলেন, “জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মশালা শুধুমাত্র কাগজে-কলমে সীমাবদ্ধ থাকলে চলবে না, বাস্তবায়ন করতে হবে। দৈনন্দিন পুষ্টি চাহিদা পূরণে বনজ গাছের পাশাপাশি দেশীয় ফলের চারা রোপণ করা জরুরি।”
তিনি আরও বলেন, “শুধু খাদ্য গ্রহণ করলেই হবে না, সুস্থভাবে বাঁচার জন্য অবশ্যই পুষ্টিকর খাবারের গুরুত্ব দিতে হবে। শিশু ও কিশোরদের শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশের জন্য পুষ্টিকর খাদ্য গ্রহণ অপরিহার্য।”
কর্মশালায় বক্তারা পুষ্টি সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলার বিষয়ে আলোচনা করেন।
এনএ/


