পূবালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি ব্যাংক লকারের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)।
বুধবার সকালে পূবালী ব্যাংক মতিঝিল শাখায় থাকা লকারটি জব্দ করা হয়। সিআইসির মহাপরিচালক আহসান হাবীব সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে সেনাকল্যাণ ভবনে পূবালী ব্যাংকের একটি লকারের সন্ধান পাওয়া গেছে (লকার নং-১২৮)। এই লকারের দুইটি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে।
আহসান হাবীব আরও জানান, সিআইসির একটি টিম লকারটি জব্দ করেছে। বিস্তারিত পরে জানানো হবে।
এনবিআর সূত্রে জানা গেছে, লকারটির নম্বর ১২৮। এতে স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।লকারের ভেতরে কী রয়েছে—এ বিষয়ে জানতে চাইলে আহসান হাবীব বলেন, ‘এখনই বলা যাবে না। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লকারটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে লকার খোলা হবে।’
পড়ুন: ভিডিও কেলেঙ্কারি, নিয়োগ বাতিল বিএফআইইউ প্রধান শাহীনুলের
দেখুন:পানি বেড়েই যাচ্ছে লক্ষ্মীপুরে,পরিস্থিতির অবনতি
ইম/


