পেট্রলপাম্পের সামনে সড়ক ও জনপথ বিভাগের আকস্মিক উচ্ছেদ অভিযানের প্রতিবাদে রাজশাহী ও রংপুর বিভাগের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছে পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে পেট্রলপাম্পের মালিকদের সঙ্গে বৈঠকে বসে বগুড়া জেলা প্রশাসন। বৈঠকে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আলোচনা হয়। এর আগে সকাল ৮টা থেকে এ ধর্মঘট শুরু হয়। এতে ভোগান্তিতে পড়েন বিভিন্ন এলাকার যানবাহনের চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বগুড়া জেলা প্রশাসক ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের অনুরোধে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
এর আগে পূর্ব নোটিশ ছাড়াই সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য উত্তরবঙ্গের সব পেট্রোল পাম্প বন্ধ রাখার ঘোষণা দেয় বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন (বাপেওএ) রাজশাহী বিভাগ। মঙ্গলবার দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ধর্মঘটের সিদ্ধান্ত জানানো হয়।
বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন রাজশাহী বিভাগের সভাপতি মো. মিজানুর রহমান রতন ও সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে রাজশাহী ও রংপুর বিভাগের পেট্রোল পাম্প মালিকদের জ্বালানি তেল উত্তোলন ও বিপণন বন্ধের আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিনা নোটিশে ও কোনো আনুষ্ঠানিক চিঠি ছাড়া সওজ বিভাগ আকস্মিক উচ্ছেদ অভিযান চালিয়েছে। এতে পেট্রোল পাম্প মালিকদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আমরা দীর্ঘদিন ধরে বৈধ লাইসেন্স মেনে এবং নিয়মিত রাজস্ব প্রদান করে ব্যবসা পরিচালনা করে আসছি। অথচ এমন আকস্মিক উচ্ছেদ অভিযান অতীতে কখনো দেখা যায়নি। এতে ব্যবসায়ী সমাজের মধ্যে উদ্বেগ ও ভীতি সৃষ্টি হয়েছে।’
নওগাঁর সান্তাহারে পূর্ব ঘোষণা ছাড়াই দুটি পেট্রোল পাম্প উচ্ছেদের প্রতিবাদে রাজশাহী ও রংপুর বিভাগের পেট্রোল পাম্পগুলোতে এ ধর্মঘট ডাকা হয়েছে। বিজ্ঞপ্তিতে রাজশাহী ও রংপুর বিভাগের পেট্রোল পাম্প মালিকদের এ ধর্মঘট সফল করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
পড়ুন : দাবি পূরণের আশ্বাসে সাত কলেজের আন্দোলন প্রত্যাহার
দেখুন : বেসরকারি খাতে যাচ্ছে জ্বালানি তেলের ব্যবসা! |
ইম/


