চাকরি শেষে স্বামীর প্রাপ্য পেনশন ও অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ এনে জয়পুরহাটে এক সাবেক সেনা সদস্যের স্ত্রী বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন জমা দিয়েছেন।
অভিযুক্ত সাবেক সেনা সদস্য উজ্জল আলম জেলার সদর উপজেলার জামালগঞ্জ ইউনিয়নের শাহাপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
ভুক্তভোগী ওই নারী জানান, ২০২১ সালের ৩ নভেম্বর ল্যান্স কর্পোরাল (অব.) উজ্জল আলমের সঙ্গে তার বিয়ে হয়। পরে তিনি জানতে পারেন, উজ্জল পূর্বে বিবাহিত ছিলেন এবং তার আগের সংসারে দুটি সন্তান রয়েছে।
তার অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই উজ্জল পরকীয়ায় জড়িয়ে পড়েন এবং তাকে শারীরিকভাবে নির্যাতন করতে শুরু করেন। এমনকি গর্ভাবস্থায় ভরণ-পোষণ না পেয়ে তিনি আদালতে যৌতুক, দেনমোহর এবং নারী ও শিশু নির্যাতনের অভিযোগে তিনটি মামলা দায়ের করেন।
ওই নারী আরও জানান, বৈধ স্ত্রী হিসেবে স্বীকৃতি এবং তার সন্তানের পিতৃস্বীকৃতি ও আইনগত অধিকার নিশ্চিত করতে তিনি সেনাবাহিনীর সদর দপ্তরসহ বিভিন্ন ইউনিটে লিখিত আবেদন করেছেন।
এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে উজ্জল আলম বলেন, সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় আমি বিয়ে করি। তবে দ্বিতীয় বিয়ের বিষয়টি বাহিনীকে জানানোর প্রয়োজন মনে করিনি। বর্তমানে ওই স্ত্রী আমার সঙ্গে থাকেন না—বাসায় থাকলে তাকেও স্বীকৃতি দিতাম।
তবে এ বিষয়ে সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

