পারিবারিক আয় বৃদ্ধি ও জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে জামালপুরের ইসলামপুরে “শর্তসাপেক্ষ অর্থ সহায়তা কর্মসূচি-২০২৬” শুরু হয়েছে।
বুধবার (২৫ মার্চ) দুপুরে পারি অফিসে এ কর্মসূচির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়, যা আগামী ২৯ মার্চ পর্যন্ত চলবে। উদ্যোগটি বাস্তবায়ন করছে পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট এবং অর্থায়ন দিচ্ছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
কর্মসূচির আওতায় নির্বাচিত ইউপিজি উপকারভোগীদের শুধু আর্থিক সহায়তাই নয়, আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করা হচ্ছে।
প্রকল্প সূত্রে জানা যায়, বিকাশ ওয়ালেটের মাধ্যমে মোট ১৬০ জন উপকারভোগীকে ৮ হাজার ১৬০ টাকা করে প্রদান করা হবে। উদ্বোধনী দিনে প্রাথমিকভাবে ৪০ জনের মধ্যে এই অর্থ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল আলিম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এপি ম্যানেজার সেবাস্টিন সাগর আরেং, পারি ইসলামপুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার অঞ্জন কুমার রুরাম এবং ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা জানান, এ ধরনের উদ্যোগ প্রান্তিক পরিবারগুলোকে আত্মনির্ভরশীল করে তুলতে সহায়ক ভূমিকা রাখবে এবং তাদের আর্থ-সামাজিক অবস্থার টেকসই উন্নয়ন নিশ্চিত করবে।
কর্মসূচির আওতায় প্রাপ্ত অর্থ নির্ধারিত শর্তে ব্যবহার করতে হবে। উপকারভোগীদের গরু, ছাগল, হাঁস-মুরগি পালন কিংবা ক্ষুদ্র ব্যবসায় বিনিয়োগে উৎসাহিত করা হচ্ছে। এছাড়া অর্থ প্রাপ্তির ৫ থেকে ১০ দিনের মধ্যে তা কাজে লাগানো, উপার্জিত অর্থ শিশুদের কল্যাণে ব্যয় করা এবং বাল্যবিবাহ ও শিশু শ্রম থেকে বিরত থাকার শর্তও আরোপ করা হয়েছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নিয়ম মেনে এই সহায়তা কাজে লাগাতে পারলে উপকারভোগী পরিবারগুলো অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়ার পাশাপাশি শিশুদের জন্য একটি নিরাপদ ও উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করতে সক্ষম হবে।
পড়ুন- স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
দেখুন- প্রধানমন্ত্রীর সাথে আইএমএফের এশিয়া প্যাসিফিক পরিচালকের বৈঠক


