চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় চৌধুরীহাট জিসি রোড (দাতারাম সড়ক) সংস্কারসহ একাধিক উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এসব প্রকল্পের উদ্বোধন করেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
উদ্বোধিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে হাটহাজারী সরকারহাট আরএইচডি–গুমানমর্দ্দন সড়ক (ভায়া পেশকারহাট/রাজা মিয়া চৌধুরী সড়ক) উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন। এছাড়া আনন্দ বাজার ব্রিজ থেকে দক্ষিণ দিকে সিসি ব্লক ও এইচবিবি (HBB) সড়ক নির্মাণ কাজেরও উদ্বোধন করা হয়।
একই অনুষ্ঠানে উপজেলার অসচ্ছল ও প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয় এবং হাটহাজারীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়। সকালে উপজেলা চত্বরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পগুলো ঘুরে দেখেন। পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের উদ্ভাবনী চিন্তা-ভাবনার প্রশংসা করেন এবং ভবিষ্যতে বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় আরও এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মুবিন বক্তব্য দেন। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, গত দেড় মাসে হাটহাজারীতে যে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন হয়েছে, তা পূর্ববর্তী অনেক বছরের তুলনায় উল্লেখযোগ্য। উন্নয়ন কার্যক্রম টেকসই করতে জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, সড়কে যানজট নিরসন ও অবৈধ পার্কিং রোধে সবাইকে সচেতন হতে হবে। পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং জনকল্যাণমূলক উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পড়ুন- পাকিস্তানি সামরিক বাহিনীর একটি দল যুদ্ধবিমান নিয়ে সৌদি আরবে


