বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে ‘অনারারি ফেলোশিপ’ দিয়ে সম্মানিত করল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।
যুক্তরাজ্যের এ বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়ের ওয়াডাম কলেজ থেকেই এক সময় প্রথম শ্রেণিতে আইন শাস্ত্রের ডিগ্রি পেয়েছিলেন সৈয়দ রেফাত আহমেদ।
এক চিঠিতে ওয়াডাম কলেজের ওয়ার্ডেন রবার্ট হ্যানিং বলেন, “আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ওয়াডাম কলেজের গভর্নিং বডি আপনাকে সম্মানসূচক ফেলোশিপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমি আশা করি, আপনি এই সম্মাননা গ্রহণ করতে সম্মত হবেন।”
সম্মানসূচক এই ফেলোশিপ আজীবনের জন্য। একজন ফেলো হিসেবে বিচারপাতি রেফাত আহমেদ কলেজের বিভিন্ন বার্ষিক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাবেন এবং নৈশভোজে অংশ নেওয়ার আমন্ত্রণ পাবেন। পাশাপাশি কলেজের বিভিন্ন সুযোগ সুবিধা তিনি ব্যবহার করতে পারবেন। ফেলো হিসেবে আলাদা কোনো দায়িত্ব তাকে পালন করতে হবে না।
“সবচেয়ে বড় কথা হল, এই ফেলোশিপের মাধ্যমে কলেজ আপনার সঙ্গে যুক্ত থাকার এবং আপনার অসাধারণ অর্জনগুলোকে স্বীকৃতি দেওয়ার সম্মান অনুভব করতে চায়,” বলা হয়েছে চিঠিতে।
চব্বিশের জুলাই অভ্যত্থানে ক্ষমতার পট পরিবর্তনের পর গতবছর অগাস্টে বাংলাদেশের পঞ্চবিংশতম প্রধান বিচারপতির দায়িত্ব নেন সৈয়দ রেফাত আহমেদ। সে সময় তিনি ছিলেন হাই কোর্ট বিভাগের জ্যেষ্ঠতম বিচারক।
পড়ুন : বিশেষায়িত বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার কথা জানালেন প্রধান বিচারপতি


