সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় নিহত মৌলভীবাজারের বড়লেখা উপজেলার প্রবাসী সালেহ উদ্দিন ওরফে আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে।
সোমবার (৯ মার্চ) সকাল ৮টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। পরে আরেকটি ফ্লাইটে করে মরদেহ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়।
সকাল ১১টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মন্ত্রী নিজেই মরদেহ মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার গাজিটেকা গ্রামের বাড়িতে পৌঁছে দেন। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন আহমেদ আলী। সেখানে তিনি পানি সরবরাহকারী একটি গাড়ি চালাতেন। তার ছোট দুই ভাই জাকির হোসেন ও বোরহান আহমদ একই শহরে থাকেন এবং তারাই পরিবারের কাছে মৃত্যুর খবর জানান।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকায় মরদেহ গ্রহণ থেকে শুরু করে সিলেট হয়ে নিজ বাড়িতে পৌঁছানো পর্যন্ত সব ধরনের সহযোগিতা করা হয়েছে।
এসময় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মো. রেজা-উন-নবী, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পড়ুন- নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
দেখুন- নারীকে মূলধারা থেকে দূরে রেখে জাতীয় অগ্রগতি সম্ভব নয়: রাষ্ট্রপতি


