দেশব্যাপী নদী নালা খাল জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কাশিপুর গ্রামের ৭ কিলোমিটার ডি-১৫ এন খালকাটা উদ্বোধনী সভায় পানিসম্পদ মন্ত্রী ও সংসদ সদস্য শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল কেটে এদেশকে স্বনির্ভর করার স্বপ্ন দেখেছিলেন। আমাদের এই সরকার জিয়াউর রহমানের সেই স্বপ্ন বাস্তবায়ন করে এদেশকে একটি সমৃদ্ধশালী দেশে পরিণত করবে।
বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের টাকা সম্পদ লুটপাট করেছিল, এখন সেটা হবেনা। প্রেসিডেন্ট জিয়ার খাল খনন কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, তার খাল খনন অর্থবহ ছিল। তিনি যে খাল খনন করতো,খননের পর সেটার খোঁজ রাখতেন। জেলা প্রশাসকের কাছে তিনি খনন করা খালের অবস্থার বিষয়ে খবর নিতেন। চুয়াডাঙ্গায় খালের উপর সরকারি স্হাপনা গড়ে উঠেছে। কিভাবে হয়েছে তা জেলা প্রশাসক জানেন। খাল খনন কর্মসূচিতে কতটা উপকার এসেছে তা আমরা দেখছি। গ্রামীণ খাল বিলের সঙ্গে নদীর নৌ যোগাযোগ সেটা মানুষের কাছে অর্থবহ হয়ে উঠেছে। ৪৪টি জেলায় খাল খনন অব্যাহত থাকবে। আমরা প্রতি নিয়ত কি কর্মসূচি পালন করছি সেটা প্রধানমন্ত্রী সপ্তাহের পর নিজে খোঁজ নেন। যেদিন আমরা প্রথম মন্ত্রী পরিষদের সভা করেছি সেদিনই কৃষকদের সুদসহ কৃষি ঋণ মৌকুফ করেছি। গ্রামীণ যে কোন উন্নয়নে প্রেসিডেন্ট জিয়া যেভাবে করে গিয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী সেভাবেই কাজ চালিয়ে যাচ্ছেন’।
মন্ত্রী শনিবার (১১ এপ্রিল) বেলা আড়াইটায় কোদাল দিয়ে মাটি খুঁড়ে কাশিপুর গ্রামে এ খনন কাজের উদ্বোধন করার পর একই স্হানে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহারের সভাপতিত্বে একটি উদ্বোধনী অনুষ্ঠানে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, বর্তমান সংসদে সরকারি ও বিরোধী দল পরস্পর সৌহার্দ্যপূর্ণ আচরণের মধ্যদিয়ে সংসদের কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা পরস্পর সহযোগীতার মাধ্যমে দেশটিকে এগিয়ে নিতে চায়। সে কাজে সকলের সহযোগী বিশেষ প্রয়োজন।
পানিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ১ কোটি ৫১ লাখ ৩৬ হাজার টাকা ব্যয়ে এ কাজের বাস্তবায়ন করবে চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ড। ৩০ কিলোমিটার দৈর্ঘ্য এ খালটি প্রথম ধাপে ৭ কিলোমিটার খননের পর পর্যায়ক্রমে পুরোটাই খনন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল, পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান, জেলা সিভিল সার্জন হাদী জিয়াউদ্দিন আহমেদ, ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের (পশ্চিমাঞ্চল) প্রধান প্রকৌশলী শাহজাহান সিরাজ, কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক জাহিদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ আহমেদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
পড়ুন- প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীতে ভারত সফর করবেন : পররাষ্ট্রমন্ত্রী


