শেখ হাসিনার বিচার নিয়ে ‘বিরূপ মন্তব্যের’ অভিযোগে বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছে প্রসিকিউশন। বুধবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়। প্রসিকিউটর গাজি এম এইচ তামিম এ তথ্য নিশ্চিত করেছেন।
গত শনিবার (২৩ নভেম্বর) একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে তিনি ট্রাইব্যুনালের গঠন ও বিচার প্রক্রিয়া নিয়ে ‘আমি এ বিচার মানি না’ মন্তব্য করেন। এ বিষয়ে শুনানির জন্য আগামী রবিবার (৩০ নভেম্বর) ট্রাইব্যুনালের চেয়ারম্যানের উপস্থিতিতে দিন ধার্য করা হয়েছে।
প্রসিকিউশন জানিয়েছে, গত ২৩ নভেম্বর টক শোতে অংশ নিয়ে ফজলুর রহমান বলেন, “আমি প্রথম দিন থেকেই বলছি, এই কোর্ট আমি মানি না।” পরে উপস্থাপকের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “সবাই জানে, জানবে না কেন? আমার ইউটিউব শুনেন, আমি এই কোর্ট মানি না। এই কোর্টের আমি বিচার মানি না, ইউটিউবে বলেছি, টকশো’তে বলেছি। যদি না বলে থাকি এখন বললে আমার ভুল, মাফ চাইব, প্রতিদিন বলছি এই কোর্টের বিচার আমি মানি না। এই কোর্টের গঠন প্রক্রিয়া বলে এই কোর্টে বিচার হইতে পারে না। এই কোর্টে যারা বিচার করছে আমার ধারণা এদের মধ্যে, এদের ভেতরে একটা কথা আছে।”
পড়ুন: লটারিতে ৬৪ জেলার এসপি পদায়ন করে প্রজ্ঞাপন জারি
আর/


