বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইটনা-মিটামইন ও অষ্টগ্রাম বিএনপির তৃণমূল নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ইটনা-মিটামইন-অষ্টগ্রাম অঞ্চলের বিপুল সংখ্যক তৃণমূল নেতা-কর্মী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনালকে নিয়ে অ্যাড. ফজলুর রহমানের ‘প্রহসনের বিচার’ মন্তব্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং শহীদদের প্রতি অবমাননা করেছে। তার এমন বক্তব্য বিএনপির নীতি-আদর্শের সঙ্গে সাংঘর্ষিক এবং গোষ্ঠীগত রাজনীতির উসকানি দেয়।
ফজলুর রহমানকে দলীয় মনোনয়ন দেওয়া হলে শহীদ জিয়াউর রহমানের আদর্শ ক্ষুণ্ন হবে এবং শেখ হাসিনার স্বৈরাচারী আদর্শ প্রতিষ্ঠার ঝুঁকি বাড়বে।
দলের শৃঙ্খলা ভঙ্গ করে বিতর্কিত মন্তব্যের মাধ্যমে তিনি বিএনপিকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছেন। তাই দলীয় স্বার্থে তাঁকে স্থায়ীভাবে বহিষ্কার করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই।মানববন্ধন থেকে তৃণমূল নেতারা কেন্দ্রীয় বিএনপির কাছে লিখিত দাবিনামা পাঠানোর ঘোষণাও দেন।
এসময় সাবেক ডিসি ও কিশোরগঞ্জ–৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুর রহিম মোল্লা, ইটনা উপজেলা বিএনপির সহসভাপতি মো. গোলাম রহমান, মিঠামইন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহফুজ আহমেদ,সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পড়ুন: ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ, থানায় মামলা
দেখুন: দিনাজপুরে হলি ল্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষায় শতভাগ পাশ |
ইম/


