ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ফার্মেসিতে বসে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে রোগী দেখার অভিযোগে এক ফার্মেসি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার তন্তর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। জরিমানাপ্রাপ্ত ব্যক্তি হলেন তন্তর বাজারের নয়ন ফার্মেসির মালিক নারায়ণ চন্দ্র পাল।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, নারায়ণ চন্দ্র পাল দীর্ঘদিন ধরে নিজের ফার্মেসিতে বসে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে রোগী দেখতেন। অভিযোগ পেয়ে মঙ্গলবার দুপুরে নয়ন ফার্মেসিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় তাকে সিরিয়াল অনুযায়ী রোগী দেখতে এবং এন্টিবায়োটিকসহ বিভিন্ন ওষুধের প্রেসক্রিপশন দিতে দেখা যায়।
এ সময় তিনি চিকিৎসা সংক্রান্ত কোনো ধরনের বৈধ সনদপত্র দেখাতে ব্যর্থ হন। পরবর্তীতে তিনি স্বীকার করেন যে তাঁর চিকিৎসক হিসেবে কোনো অনুমোদিত সনদ নেই।
ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, মিথ্যা পরিচয় ও টাইটেল ব্যবহার করে সাধারণ রোগীদের সঙ্গে প্রতারণার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর বিভিন্ন ধারায় নারায়ণ চন্দ্র পালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধমূলক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য তাঁকে কঠোরভাবে সতর্ক করা হয়।
তিনি আরও জানান, জনস্বার্থে ভুয়া চিকিৎসা ও প্রতারণার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


