বিজ্ঞাপন

ফিলিং স্টেশনে বাকবিতণ্ডা: ট্রাকচাপায় পাম্প ম্যানেজার নিহত

নড়াইল সদর উপজেলায় তেল নেওয়া নিয়ে বাকবিতণ্ডার জেরে ট্রাকচাপায় এক ফিলিং স্টেশন ব্যবস্থাপক নিহত হয়েছেন। শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার তুলারামপুর ইউনিয়নের রেল ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত নাহিদ সরদার (৩৩) পেড়লী গ্রামের আকরাম সরদারের ছেলে। তিনি স্থানীয় মেসার্স তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই ইউনিয়নের চামরুল গ্রামের জহুর আলীর ছেলে জিহাদ মোল্যা (২৭)। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল-যশোর মহাসড়কের পাশে অবস্থিত তুলারামপুর এলাকার একটি ফিলিং স্টেশনে শনিবার দিবাগত রাতে ট্রাকচালক সুজাত মোল্যা ও তার সহযোগী ডিজেল নিতে আসেন। তবে পাম্পে তেলের মজুদ শেষ হয়ে যাওয়ায় ব্যবস্থাপক নাহিদ সরদার তেল দিতে অপারগতা প্রকাশ করলে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ট্রাকচালকদের পক্ষ থেকে নাহিদকে ট্রাকচাপা দেওয়ার হুমকি দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে রাত প্রায় ২টার দিকে নাহিদ সরদার ও তার সহকর্মী জিহাদ মোল্যা মোটরসাইকেলে করে নিজ গ্রামে ফিরছিলেন। ফিলিং স্টেশন থেকে প্রায় ১০০ গজ দূরে পৌঁছালে পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক তাদের ওপর তুলে দেয়।

ঘটনাস্থলেই নাহিদ সরদারের মৃত্যু হয়। গুরুতর আহত জিহাদ মোল্যাকে প্রথমে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।

ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা জানান, সাম্প্রতিক সময়ে জেলায় তেলের তীব্র সংকট চলছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন ও বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, যা প্রায়ই বাকবিতণ্ডা থেকে সহিংসতায় রূপ নিচ্ছে।

পড়ুন: টানা ছুটি শেষে আজ খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন