ফুলের তোড়া নয়, গাছের চারা দিয়ে সংবর্ধনা জানানো হলো গাজীপুর–২ (সদর–টঙ্গী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনিকে। পরিবেশ রক্ষার বার্তা দিতে দলীয় নেতাকর্মীরা এ ব্যতিক্রমী উদ্যোগ নেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে টঙ্গীর মধুমিতা কাজী মার্কেটের কনভেনশন সেন্টারে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সাংসদ রনিকে বিভিন্ন প্রজাতির ফল ও ফুলের গাছের চারা উপহার দেন নেতাকর্মীরা।
সংবাদকর্মীদের সঙ্গে কথা বলতে গিয়ে সাংসদ রনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী ২৫ কোটি গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন। তাই ফুলের পরিবর্তে চারা গাছ দিলে তা পরিবেশের জন্য ইতিবাচক হবে।’ তিনি বলেন, পরিকল্পিত শিল্পায়নের পাশাপাশি কৃষিজমি, গাছপালা ও প্রকৃতি রক্ষায় গুরুত্ব দিতে হবে।
টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের সভাপতিত্বে ,গাজী সালাউদ্দিন ও ভিপি আসদুজ্জামানের সঞ্চালনায় টঙ্গী পূর্ব থানা ও পশ্চিম থানা বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্য সাংসদ রনি পরিবেশবান্ধব উদ্যোগের জন্য নেতাকর্মীদের ধন্যবাদ জানান এবং উপহার পাওয়া চারাগাছ রোপণের উদ্যোগ নেওয়ার কথা জানান।
পড়ুন- নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
দেখুন- ঘিয়ের নামে কী খাচ্ছেন?


