ফেনীর ক্রাউনওয়েস্ট রেস্টুরেন্টে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের উদ্যোগে বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে এ অনুষ্ঠান হয়।
ফেনী জেলা সভাপতি আব্দুল ওয়াহেদ মামুনের সভাপতিত্বে সভায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক উপ-সম্পাদক রাকিব আল হাসান। তিনি সংগঠনটির সর্বোচ্চ নেতা হোসাইন মোহাম্মদ সেলিমের রচিত ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ গ্রন্থের আলোকে গণমাধ্যম ও বাক-স্বাধীনতার বিষয়টি তুলে ধরেন।
তিনি বলেন, “ব্রিটিশ ঔপনিবেশিক যুগে প্রবর্তিত বিধি-বিধানেই আমাদের দেশ চলছে। এর ফলে সমাজে অন্যায়, অবিচার ও অশান্তি বেড়ে চলেছে। অথচ আল্লাহপ্রদত্ত জীবনব্যবস্থা প্রতিষ্ঠা করে রাসুল (সা.) এমন এক নিরাপদ সমাজ গঠন করেছিলেন, যেখানে নারী নির্ভয়ে শত মাইল পথ অতিক্রম করতেন, মানুষ ঘরের দরজা খুলে ঘুমাত, স্বর্ণের দোকান খোলা রেখে নামাজ পড়তে যেত।”
তিনি আরও বলেন, “‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ গ্রন্থে সেই শান্তিপূর্ণ সমাজব্যবস্থার আধুনিক রূপ তুলে ধরা হয়েছে। সাংবাদিকদের উচিত এই বিষয়গুলো লেখনীর মাধ্যমে জাতির সামনে তুলে ধরা।”
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় আমির মাহাবুর আলম এবং বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা হেযবুত তওহীদের উপদেষ্টা নুরুল আবছার সোহাগ। হেযবুত তওহীদের সদস্য তারিকুল ইসলাম সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ পরামর্শ ও মতামত ব্যক্ত করেন।
পড়ুন : ফেনীর ফুলগাজীতে বসুন্ধরা শুভসংঘের মাদকবিরোধী আলোচনা সভা


