ফেনী সীমান্তে পৃথক দুটি অভিযানে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় জব্দ করা হয়েছে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের ভারতীয় কাপড় ও ঔষধ।
সোমবার (১৪ জুলাই) সকাল ৮টা ৪০ মিনিটে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) জয়ন্তীনগর বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে পরশুরামের সত্যনগর এলাকা থেকে দুই নারীকে আটক করে। তারা হলেন রোজিনা (৪২) ও সাকেরা (৪৩)।
জানা যায়, আটককৃতরা ভারতীয় দালাল মো. খালেকের সহায়তায় সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং ভারতীয় দালালকে ধরতে বিএসএফকে প্রয়োজনীয় তথ্য প্রদান করা হয়েছে।
অন্যদিকে, গত ১৩ জুলাই ভোর ৩টা ৪০ মিনিটে ৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেনের নেতৃত্বে অলিনগর বিওপি একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে চট্টগ্রামের জোরারগঞ্জ থানাধীন আমলীঘাট এলাকা থেকে মালিকবিহীন বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, ব্লাউজ ও ঔষধ জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ৪৭ লাখ ৭৬ হাজার ৮২৭ টাকা। এসব পণ্য স্থানীয় কাস্টমস অফিসে জমার প্রক্রিয়া চলছে।
৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন জানান, সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে।
পড়ুন: ফেনীতে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে উপদেষ্টা ফারুক-ই-আজম
এস/


