ফেনীতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ‘সি’ ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের মাঝে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (২১ মে) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ৩৪৩ জন জুলাই যোদ্ধাকে প্রত্যেককে ১ লক্ষ টাকা করে মোট ৩ কোটি ৪৩ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।
এর আগে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে ১০টি শহিদ পরিবারকে ১০ লক্ষ টাকা করে ১ কোটি টাকার সঞ্চয়পত্র, ‘এ’ ক্যাটাগরির ৩ জনকে ২ লক্ষ টাকা করে ৬ লক্ষ টাকা এবং ‘বি’ ক্যাটাগরির ৩০ জনকে ১ লক্ষ টাকা করে ৩০ লক্ষ টাকার চেক দেওয়া হয়েছে।
সর্বমোট ৪ কোটি ৭৯ লক্ষ টাকার সঞ্চয়পত্র ও চেক বিতরণ করা হয়েছে শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের মাঝে। এছাড়াও জেলা প্রশাসন, জেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আরও ৩৪ লক্ষ ২০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম, এবং সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব সাইফুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জনাব সাইফুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আরিফুল ইসলাম সিদ্দিকীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা ও গণমাধ্যমকর্মীরা।
এনএ/


