ফেনী জেলার পরশুরাম উপজেলার বল্লার মুখ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গভীর রাতে শূন্যরেখার প্রায় ১৫০ গজ ভেতরে ঢুকে ড্রেন কাটার চেষ্টা চালায়। ভারতের অংশে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় তারা পানি নিষ্কাশনের উদ্দেশ্যে এ চেষ্টা চালায় বলে জানা গেছে। তবে বাংলাদেশি বাঁধের কারণে পানি আটকে থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়।
স্থানীয় সূত্র জানায়, বল্লার মুখ এলাকায় বাংলাদেশে নির্মিত একটি মাটির বাঁধ ভারতের নিচু অংশে পানি যাওয়ার পথ রুদ্ধ করে দেয়। এতে ভারতের অংশে পানি ফুলে ওঠে এবং জলাবদ্ধতা দেখা দেয়। এ অবস্থায় বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে বিএসএফ সদস্যরা শূন্যরেখা অতিক্রম করে শূন্য রেখার ১৫০ গজের মধ্যে প্রবেশ করে ড্রেন কাটতে শুরু করে। খবর পেয়ে বিজিবি সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে তাদের বাধা দেয়। স্থানীয়রাও এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রতিরোধে অংশ নেয়। এক পর্যায়ে বাধার মুখে বিএসএফ সদস্যরা পিছু হটতে বাধ্য হয়।
বিজিবি জানিয়েছে, বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সীমান্তে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে। সীমান্তরক্ষীরা কঠোর নজরদারির মধ্যে ডিউটি পালন করছেন বলে জানায় বিজিবি।
ঘটনার পর থেকে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিলেও বিজিবি’র উপস্থিতিতে তারা কিছুটা স্বস্তি ফিরে পেয়েছে।
পড়ুন: ঢাকাসহ ৫ বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা, দেখা দিবে জলাবদ্ধতা
দেখুন: শেখ হাসিনার নেতৃত্বেই হবে নির্বাচনকালীন সরকার
ইম/


