ফেনীর সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের নগরকান্দি (মাথিয়ারা) গ্রামে ডোবা থেকে রবিন (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল থেকে নিখোঁজ থাকা এই শিশুর মরদেহ বৃহস্পতিবার সকালে নিজ বাড়ির পাশের ডোবা থেকে উদ্ধার করা হয়।
রবিন চট্টগ্রাম বিএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির ছাত্র। ঈদ উদযাপনের জন্য ছুটিতে সে বাড়িতে আসে। বুধবার সারাদিন খোঁজাখুঁজির পর সন্ধ্যায় ফেনী মডেল থানায় নিখোঁজ ডায়েরি করেন তার বাবা পল্লী চিকিৎসক ওমর ফারুক।
পরে বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের ডোবায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। ডোবার পাশে রবিনের ব্যবহৃত সাইকেলটিও পড়ে ছিল।
রবিনের পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। শিশুটির মুখে ফেনা ও রক্ত পাওয়া গেছে। তারা অবিলম্বে প্রকৃত ঘটনা উদঘাটন ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, নিহত রবিনের বাবা ওমর ফারুক পল্লী চিকিৎসক ও পাঁচগাছিয়া ইউনিয়ন যুবলীগের স্থানীয় নেতা। পূর্বেও তিনি একাধিকবার হামলা ও মামলার শিকার হয়েছেন বলে জানান এক স্থানীয় ব্যবসায়ী।
ঘটনাটি নিয়ে এলাকায় চরম উত্তেজনা ও শোকের ছায়া বিরাজ করছে।
পড়ুন: হালসা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি-৯৫ ব্যাচের ৩০ বছর পূর্তি
দেখুন: বুবলী নয়, ঈদের দিন শাকিবের বাসায় ডেকে নেয়া হলো অপুকে, কেন?
ইম/


