ফেনীর ক্রীড়াঙ্গনে যুক্ত হলো নতুন এক মাইলফলক। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো জেলার সর্ববৃহৎ ও সর্বাধুনিক টার্ফ প্লে-গ্রাউন্ড ফেনী স্পোর্টস পার্ক। মহিপাল সংলগ্ন হাজারী রোডের শাহজান চৌধুরী সড়কে অবস্থিত এই টার্ফটি সম্প্রতি এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে স্পোর্টস পার্কটির শুভ উদ্বোধন ঘোষণা করেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, আনসার ভিডিবির জেলা কমান্ডার মো: হেলাল উদ্দিন এবং বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়ানুরাগী মো: মাঈন উদ্দিন বাচ্চু। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
আয়োজকরা জানান, খেলোয়াড়দের জন্য বিশ্বমানের অভিজ্ঞতা নিশ্চিত করতে এই পার্কে ব্যবহার করা হয়েছে ফিফা অনুমোদিত ৫ম প্রজন্মের আধুনিক টার্ফ। এটি বর্তমানে ফেনীর সবচেয়ে বড় এবং সর্বাধুনিক টার্ফ প্লে-গ্রাউন্ড, যা ফুটবল কিংবা ক্রিকেট যেকোনো টুর্নামেন্টের জন্য উপযোগী।
ফেনীর তরুণ প্রজন্মের সুস্থ বিনোদন ও শারীরিক বিকাশে এই পার্কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।
আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন এই স্পোর্টস পার্কটিতে উদ্বোধনী অফার হিসেবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত ১৫ শতাংশ বিশেষ ছাড় ঘোষণা করা হয়েছে। এখন থেকে ফেনীর ক্রীড়াপ্রেমীরা এখানে নিয়মিত প্র্যাকটিস ও টুর্নামেন্ট আয়োজন করতে পারবেন।


