জামালপুরের মাদারগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট ও ভিডিও বার্তার মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের পাশাপাশি রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন রুমন খান নামে এক যুব নেতা।
রুমন খান জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন জাতীয় যুব শক্তি, জামালপুর জেলা শাখার সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের দিকপাড়া এলাকার বাসিন্দা।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে ‘Rumon Vai’ নামের নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট ও ভিডিও বার্তার মাধ্যমে তিনি পদত্যাগের ঘোষণা দেন। একই সঙ্গে এনসিপির রাজনীতি থেকেও সরে দাঁড়ানোর কথা জানান।
পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে রুমন খান জানান, তিনি জাতীয় যুব শক্তির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর একটি লিখিত পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন,
“আমি মো. রুমন খান, জাতীয় যুব শক্তি সংগঠনের একজন সংগঠক হিসেবে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছি। তবে ব্যক্তিগত ও অনিবার্য কিছু কারণে বর্তমানে আমার পক্ষে সংগঠনের দায়িত্ব যথাযথভাবে পালন করা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায়, আজকের তারিখ থেকে আমি জাতীয় যুব শক্তির সংগঠক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।”
উল্লেখ্য, গত ১৬ অক্টোবর কেন্দ্রীয় কমিটির অনুমোদনে জাতীয় যুব শক্তি জামালপুর জেলা শাখার ৪১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে রুমন খান সংগঠক হিসেবে দায়িত্ব পান। দায়িত্ব গ্রহণের প্রায় তিন মাসের মাথায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।
এ বিষয়ে রুমন খান বলেন,
“ব্যক্তিগত কারণে আমি সংগঠন থেকে পদত্যাগ করেছি। একই সঙ্গে এনসিপির রাজনীতি থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছি। আগামীর জন্য সবার কাছে দোয়া চাই।”
এ প্রসঙ্গে জাতীয় যুব শক্তি জামালপুর জেলা শাখার আহ্বায়ক রাকিব হাসানকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি বলেন,
“বিষয়টি সম্পর্কে আমি এখনো অবগত নই। আমাকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তাই এ মুহূর্তে কোনো মন্তব্য করতে পারছি না।
পড়ুন: মেহেরপুরের গাংনী হাইস্কুলে গ্রিল কেটে চুরি
দেখুন: ‘বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে ৩ বিলিয়ন ঋণ সহায়তা পাওয়ার সম্ভাবনা বাংলাদেশের’ |
ইম/


