বগুড়ার শহরের রহমান নগর এলাকায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতারের চেষ্টা করতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন পুলিশের একজন সদস্য।
রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য হলেন বগুড়া সদর থানার বনানী ফাঁড়ির এএসআই বাবর আলী।
পুলিশ জানায়, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলার আসামিকে গ্রেফতারে গেলে হঠাৎ সে পুলিশের ওপর হামলা চালায়। অভিযুক্ত ব্যক্তি এএসআই বাবর আলীকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।
বগুড়া সদর থানার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মাহফুজ আলম জানান, স্থানীয়দের সহায়তায় আহত পুলিশ সদস্যকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত আছেন। ঘটনার পরপরই আসামিকে ধরতে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে বলে জানান তিনি। দ্রুতই তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তদন্ত কর্মকর্তা। এ ঘটনার পর এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পড়ুন : বগুড়ায় আলোচিত বিড়াল হত্যা মামলার অভিযুক্ত নারী অন্য অভিযোগে গ্রেফতার


