বগুড়ার নন্দীগ্রামে বিএনপির একটি মিছিল থেকে হামলার শিকার হয়েছেন আসাদুল্লাহিল গালিব নামে এক জুলাই যোদ্ধা—এমন অভিযোগ উঠেছে। আহত গালিব বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গালিব নন্দীগ্রাম উপজেলার তেওতা গ্রামের ফেরদৌস রহমানের ছেলে। তিনি বগুড়ার মোস্তাফাবিয়া মাদ্রাসার আলিম একাদশ শ্রেণির ছাত্র। উল্লেখ্য, জুলাই আন্দোলনে অংশ নিয়ে তিনি আগেই ডান চোখ হারান।
আহত গালিব জানান, সোমবার রাত আনুমানিক ৯টার দিকে ঘোরগ্রাম এলাকা থেকে মোটরসাইকেলে করে শহরের দিকে ফেরার সময় একটি বিএনপির মিছিল থেকে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় তাকে এলোপাতাড়ি মারধর করে রাস্তায় ফেলে রেখে যায় হামলাকারীরা।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, গালিবের এক হাতের কাঁধের জয়েন্ট খুলে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “ঘটনাটির বিষয়ে আমরাও শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পড়ুন- পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৫ লাখের বেশি প্রবাসী
দেখুন- নির্বাচনী প্রচার-প্রচারণা শেষে নোয়াখালীর সর্বশেষ পরিস্থিতি


