বিজ্ঞাপন

বগুড়ায় বৌভাতে নাতনির ওজনের সমপরিমাণ কয়েন উপহার দিলেন নানা

বগুড়ায় এক ব্যতিক্রমী ও আবেগঘন ঘটনায় প্রয়াত স্ত্রীর ইচ্ছা পূরণ করতে নাতনির সমপরিমাণ ওজনের কয়েন উপহার দিয়েছেন নানা আবদুল কাদের প্রামাণিক। শুক্রবার (২৭ মার্চ) রাতে বগুড়া শহরের ঠনঠনিয়া দক্ষিণপাড়ায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে একটি বড় দাঁড়িপাল্লার একপাশে নববধূ নাইমা বেগমকে বসানো হয় এবং অন্যপাশে জমিয়ে রাখা কয়েন তোলা হয়। শেষে দেখা যায়, কয়েনের মোট ওজন দাঁড়ায় ৭০ কেজি ৩০০ গ্রাম—যা নাতনির ওজনের সমান।

স্থানীয়দের জানা মতে, আবদুল কাদের প্রামাণিকের স্ত্রী পাতা বেগমের দীর্ঘদিনের ইচ্ছা ছিল নাতনির বিয়েতে তার ওজনের সমপরিমাণ কয়েন উপহার দেওয়া। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে প্রায় ১০ বছর আগে থেকেই তারা মাটির ব্যাংকে পাঁচ টাকার কয়েন জমাতে শুরু করেন।
তবে দুঃখজনকভাবে, পাতা বেগম সেই স্বপ্ন পূরণের আগেই মারা যান। এরপরও স্বামীর দায়িত্ববোধ থেকে আবদুল কাদের সঞ্চয় চালিয়ে যান।

প্রায় দেড় বছর আগে নাইমা বেগমের বিয়ে হলেও তখন পর্যাপ্ত কয়েন জমা না হওয়ায় সেই ইচ্ছা পূরণ করা সম্ভব হয়নি। অবশেষে সম্প্রতি প্রয়োজনীয় পরিমাণ কয়েন জমা হলে তিনি নতুন করে বৌভাতের আয়োজন করেন।

অনুষ্ঠানে আত্মীয়-স্বজনদের আমন্ত্রণ জানানো হয়। খাবারের তালিকায় ছিল পোলাও, গরুর মাংস, মুরগির রোস্ট ও ডাল। আপ্যায়ন শেষে রাত ৮টার দিকে শুরু হয় মূল আকর্ষণ দাঁড়িপাল্লায় ওজনের মাধ্যমে কয়েন উপহার দেওয়া।

ঘটনাটি দেখতে স্থানীয়দের ভিড় জমে যায়। পুরো দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয় এবং এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
আবদুল কাদের জানান, স্ত্রীর ইচ্ছা পূরণ করতে পেরে তিনি আনন্দিত, যদিও তিনি দুঃখ প্রকাশ করেন যে তার স্ত্রী এই দৃশ্য দেখে যেতে পারেননি।

নাতনি নাইমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন,“নানার এই উপহার আমাদের জন্য অনেক বড় পাওয়া। নানি বেঁচে থাকলে তিনি সবচেয়ে বেশি খুশি হতেন।”তিনি সবার কাছে তার প্রয়াত নানির রুহের মাগফিরাত কামনা এবং পরিবারের জন্য দোয়া চেয়েছেন।

বিজ্ঞাপন

পড়ুন : চুয়াডাঙ্গায় নারীর সহযোগিতায় আরেক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৬

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন