বগুড়ার সোনাতলা উপজেলায় এক যুবলীগ নেতার স্ত্রী ও মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন চায়না বেগম (৩৬) ও তার মেয়ে খাদিজা খাতুন।
শুক্রবার বিকেল ৪টার দিকে সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের শিচারপাড়া গ্রামে যুবলীগ নেতা কামরুজ্জামানের বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই কামরুজ্জামান আত্মগোপনে রয়েছেন।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশের প্রাথমিক ধারণা, সংসারের অভাব-অনটন ও ঋণগ্রস্ততার কারণে মা ও মেয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। তবে নিহত চায়না বেগমের বাবা তারাজুল ইসলাম দাবি করেছেন, তার মেয়ে ও নাতনীকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে গেছেন জামাই কামরুজ্জামান।
জানা গেছে, কামরুজ্জামান জোড়গাছা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি এবং শিচারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, শুক্রবার বিকেল ৩টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শয়নকক্ষের বাঁশের তীরের সঙ্গে একই দড়িতে ঝুলন্ত অবস্থায় মা ও মেয়ের লাশ উদ্ধার করে। স্থানীয়দের বরাতে পুলিশ আরও জানায়, সংসারিক অভাব ও ঋণ সংক্রান্ত বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। ধারণা করা হচ্ছে, এর জের ধরে স্বামীর ওপর অভিমান করে বাড়িতে কেউ না থাকার সুযোগে মা ও মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
ওসি কবির হোসেন জানান, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পড়ুন: কুষ্টিয়ায় নিখোঁজের ছয় দিন পর নারীর মরদেহ উদ্ধার
দেখুন: সরাসরি: শহীদ জিয়ার সমাধিস্থলের পথে তারেক রহমান |
ইম/


