বগুড়ায় পুলিশ পরিচয়ে অনলাইন জুয়া খেলার অভিযোগে স্থানীয় এক ব্যক্তিকে ভয় দেখিয়ে ৭০ হাজার টাকা আদায়ের ঘটনায় এপিবিএন সদস্যসহ ছয়জনকে আটক করেছে জেলা পুলিশ।
আটককৃতদের মধ্যে একজন ৪র্থ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বগুড়ার ড্রাইভার কনস্টেবল এবং বাকি পাঁচজন কলেজ শিক্ষার্থী। বুধবার (২ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে বগুড়া শহরতলীর সাবগ্রাম এলাকা থেকে একটি সরকারি পিকআপসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—এপিবিএন সদস্য আল হাদী (২৭), তার চাচাতো ভাই ও কলেজ ছাত্র তারেক রহমান (২৫), শাহরিয়ার রহমান (২৬), আবিদ হাসান (২৬), সাদিক আকবর (২৬) ও আব্দুল্লাহ (১৮)।
পুলিশ সূত্রে জানা যায়, এপিবিএন সদস্য আল হাদীর গ্রামের বাড়ি সোনাতলার চারালকান্দি গ্রামে। পার্শ্ববর্তী কাতলাহার গ্রামের শফিকুর রহমান ফটুর ছেলে ওয়ালিদ অনলাইন জুয়ায় জড়িত—এমন অভিযোগ পেয়ে আল হাদী তার চাচাতো ভাই তারেকের মাধ্যমে বিষয়টি জানতে পারেন। পরে বুধবার রাত সাড়ে ১১টার দিকে তারা এপিবিএনের ডাবল কেবিন পিকআপ নিয়ে কাতলাহার গ্রামে গিয়ে নিজেদের থানা পুলিশ পরিচয় দেন এবং ওয়ালিদকে আটক করার ভয় দেখান।
এ সময় ওয়ালিদের বাবা শফিকুর রহমান ফটু ছেলেকে ‘বাঁচাতে’ তাদের হাতে ৭০ হাজার টাকা তুলে দেন। এ ঘটনার পরপরই শফিকুর রহমান ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। পরে গাবতলী ও সদর থানা পুলিশ অভিযান চালিয়ে রাত দেড়টার দিকে সাবগ্রামের দ্বিতীয় বাইপাস থেকে ওই পিকআপটি আটক করে এবং ছয়জনকে সদর থানায় নিয়ে আসে।
থানায় আটক অবস্থায় আল হাদী জানান, ওয়ালিদ অনলাইন জুয়ায় টাকা খাটান—এমন অভিযোগে তাকে ভয় দেখিয়ে টাকা আদায়ের পরিকল্পনায় তারা ঘটনাস্থলে যান এবং ওয়ালিদের বাবার কাছ থেকে ৭০ হাজার টাকা নেন। ফেরার পথে তারা পুলিশের হাতে ধরা পড়েন।
বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা বলেন, “আটক এপিবিএন সদস্য আল হাদীর পরিবারের সঙ্গে শফিকুর রহমান ফটুর পূর্বশত্রুতা ছিল। সেই বিরোধের জের ধরেই তারা ভয় দেখানোর উদ্দেশ্যে পুলিশের গাড়ি নিয়ে সেখানে যান। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
এ বিষয়ে বগুড়ার ৪র্থ এপিবিএন অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) শহীদ আবু সরোয়ার জানান, “কনস্টেবল আল হাদী কর্তৃপক্ষকে না জানিয়ে সরকারি গাড়ি নিজ দায়িত্বে নিয়ে বের হন। পরে জেলা পুলিশের হাতে আটক হন। ইতোমধ্যে গাড়িটি জেলা পুলিশ এপিবিএনের কাছে হস্তান্তর করেছে। আল হাদীর বিরুদ্ধে আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।” মোঃ আব্দুর রহিম
পড়ুন: কুষ্টিয়ায় পূর্বশত্রুতার জেরে এক যুবককে গুলি করার পর কুপিয়েছে প্রতিপক্ষরা
দেখুন: নিজেদের হাতে গড়া ট্রাইব্যুনালে আসামি হয়ে এলেন আ. লীগের সাবেক দুই মন্ত্রী |
ইম/


