রাজধানীর মতিঝিলে মুরগিবোঝাই একটি ভ্যানে ট্রাকের ধাক্কায় দুই মুরগি ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে বঙ্গভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. রিপন (৪৫) ও মো. সুলতান (৫০)।
ওই দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া মো. শাহিন সংবাদমাধ্যমকে জানান, ভোর চারটার দিকে বঙ্গভবনের সামনে সড়কে মুরগিবোঝাই একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন দিক থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ভ্যানগাড়িতে থাকা রিপন ও সুলতান গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহত দুজনের বাড়ি শেরপুর জেলায়। রিপনের বাবার নাম সাখাওয়াত হোসেন, আর সুলতানের বাবার নাম জমশেদ আলী।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক দুজনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
পড়ুন: ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আর/


