মুন্সীগঞ্জের ছোট্ট শহর থেকে ছয় কেজি ওজনের একটি বিড়াল উড়াল দিল ইতালির রোমে—শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটি নিখাদ ভালোবাসার গল্প। পোষা বিড়াল ‘ক্যান্ডি’কে সঙ্গে নিয়ে প্রবাস যাত্রা করেছেন মুন্সীগঞ্জের ইতালি প্রবাসীর স্ত্রী রিক্তা বেগম। বুধবার (৬ নভেম্বর) দিনগত রাতে পরিবারটি ক্যান্ডিকে সঙ্গে নিয়ে ইতালির উদ্দেশ্যে রওনা দেন।
রিক্তা বেগম জানান, “ক্যান্ডি শুধু আমাদের পোষা প্রাণী নয়, ও আমাদের পরিবারের অংশ। বাইরে গেলে খাওয়া বন্ধ করে দেয়, মন খারাপ করে। তাই ওকে ছাড়া বিদেশ যাওয়া সম্ভব ছিল না। ছেলে শিথিলের কথায়ও একই আবেগ, “ক্যান্ডি আমাদের আনন্দের উৎস। ও ছাড়া ঘরটা একদম ফাঁকা লাগে।”
২০২১ সালে শিথিল অনলাইনে ১৫ হাজার টাকায় কিনেছিল ক্যান্ডিকে। চার বছর ধরে পরিবারের সবার স্নেহে বেড়ে উঠেছে এই ডমেস্টিক মিক্সড জাতের বিড়ালটি। বর্তমানে এর ওজন প্রায় ৬ কেজি।
ইতালিতে নিয়ে যেতে ক্যান্ডির জন্য করতে হয়েছে নানা আনুষ্ঠানিকতা—বিশেষ খাঁচা, বিমানের টিকিট, সরকারি অনুমতি, পাসপোর্ট, এমনকি ট্রানজিট বিমানবন্দরের ক্লিয়ারেন্স পর্যন্ত। সব মিলিয়ে খরচ হয়েছে প্রায় এক লাখ টাকা। ক্যান্ডির জন্য আলাদা বিমানের ভাড়াও দিতে হয়েছে প্রায় সাড়ে তিনশ ডলার।
মুন্সীগঞ্জ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এম এ জলিল বলেন, “আমাদের কার্যালয়ের তথ্য অনুযায়ী, মুন্সীগঞ্জ থেকে এবারই প্রথম কোনো পোষা বিড়াল বিদেশে যাচ্ছে। এটি প্রাণীর প্রতি মানুষের ভালোবাসা ও মমত্ববোধের এক দৃষ্টান্ত।
তিনি আরও জানান, ক্যান্ডির পাসপোর্টে তার ছবি, বয়স, জাত, ওজন, টিকা ও চিকিৎসার তথ্য সংযুক্ত করা হয়েছে।
অন্যদিকে টিটলার্ক পেটওয়েল সেন্টারের ভেটেরিনারি কনসালট্যান্ট ডা. শিবেন চন্দ্র লিটন বলেন, আন্তর্জাতিক নিয়ম মেনে ক্যান্ডির শরীরে একটি মাইক্রোচিপ বসানো হয়েছে, যা স্ক্যান করলেই তার ইউনিক নম্বর দেখা যায়।
প্রবাসী পরিবারটি যখন বিমানে ওঠে, তখন ক্যান্ডি ছিল তাদের হাতব্যাগের মতো বিশেষ খাঁচায়—কেবিনে, একেবারে পরিবারের অন্য সদস্যদের সঙ্গেই।
ভালোবাসা ও মমত্ব যে সীমান্ত মানে না, ক্যান্ডির ইতালি যাত্রাই যেন তার জীবন্ত প্রমাণ হয়ে রইল মুন্সীগঞ্জবাসীর মনে।
পড়ুন: মনোনয়ন পরিবর্তনের দাবিতে মেহেরপুর ২ আসনে বিক্ষোভ সমাবেশ
দেখুন: জয়পুরহাটে সিসিটিভিতে ধরা পড়লো অভিনব কায়দায় চুরি
ইম/


