ফেনীর পরশুরামে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাবার বিতরণ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৭টায় পরশুরাম উপজেলার চিতলিয়া ইউনিয়নের মধ্যম ধনীকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হয়।
কুমিল্লা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোঃ রেজাউল কবির, পিজিবিএম-এর উপস্থিতিতে বন্যার্ত ২০০ জন মানুষের মাঝে ২০০ প্যাকেট খাবার বিতরণ করা হয়। এসব খাবারের প্যাকেটে ছিল ডিম ভুনা, সবজি, ডাল, খিচুড়ি ও সীমান্ত পানি।
এই মানবিক সহায়তা কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এডি মোহাম্মদ নজরুল ইসলাম, পরশুরাম ও গুথুমা বিওপি কমান্ডার, পরশুরাম থানার অফিসার ইনচার্জ (ওসি), স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
উল্লেখ্য, টানা ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে ফেনী জেলার দুইটি উপজেলায় অন্তত ১৪টি পয়েন্টে নদীভাঙনে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে বহু এলাকা প্লাবিত হয় এবং মানুষ আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে।
৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন বলেন, “সীমান্ত রক্ষা ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বিজিবি সর্বদা প্রস্তুত।”
পড়ুন : ফেনীর পরশুরামে সাড়ে ৩ কোটি টাকার রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ


