ঋণ খেলাপি, মামলা ও তথ্য গোপনের অভিযোগে বরগুনার দুটি সংসদীয় আসনের পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনার দুটি আসনে বর্তমানে বৈধ প্রার্থী দাঁড়াল ১৩ জন।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ১২টায় বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তারের সভাপতিত্বে মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হয়। এ সময় সংশ্লিষ্ট প্রার্থীরা উপস্থিত ছিলেন। বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ব্রিফিং এর মাধ্যমে বৈধ ও বাতিল হওয়া প্রার্থী তালিকা প্রকাশ করেন।
মনোনয়ন বাতিল হওয়া পাঁচ প্রার্থী হলেন-বরগুনা-০১ (বরগুনা সদর–-আমতলী–-তালতলী) আসনের স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান এবং বরগুনা-০২ (পাথরঘাটা–-বামনা-বেতাগী) আসনের আম জনতার পার্টির প্রার্থী আলাউদ্দিন আকাশ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) প্রার্থী মো. সোলায়মান, স্বতন্ত্র প্রার্থী মো. রাশেদুজ্জামান ও মাওলানা শামীম।
বরগুনার দুটি আসনে মোট ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে বরগুনা-০১ আসনে ৬ জন এবং বরগুনা-০২ আসনে ১২ জন প্রার্থী ছিলেন।
মনোনয়ন বাতিল প্রসঙ্গে আম জনতার পার্টির প্রার্থী আলাউদ্দিন আকাশ বলেন, “মামলার কারণ দেখিয়ে আমার মনোনয়ন বাতিল করা হয়েছে। অথচ যে মামলার কথা বলা হয়েছে, সেখানে আমি খালাস পেয়েছি। এ বিষয়ে আমি আপিল করবো। আশা করছি আপিলে আমার মনোনয়ন পুনরায় ফিরে পাবো।”
বরগুনা-০১ আসনের জামায়াতের প্রার্থী মাওলানা মহিবুল্লাহ হারুন বলেন, বাছাই কার্যক্রমে মনোনয়ন পত্র বৈধ হিসেবে বিবেচিত হয়েছে। প্রতীক বরাদ্ধের পর নির্বাচনী প্রচার প্রচারণার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবো।
মনোনয়নপত্র বাছাই শেষে বরগুনা-০২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি বলেন, “সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়ন বাছাই প্রক্রিয়া স¤পন্ন হয়েছে। আমার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। প্রতীক বরাদ্দের পর নির্বাচনী প্রচারণা শুরু করবো। আশা করছি বরগুনা-০২ আসনের মানুষ ঐক্যবদ্ধভাবে আমাকে নির্বাচিত করবেন।”
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার জানান, বরগুনা-০১ আসনে দাখিলকৃত ৬টি মনোনয়নপত্রের মধ্যে ১টি বাতিল ও ৫টি বৈধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে বরগুনা-০২ আসনে ১২টি মনোনয়নপত্রের মধ্যে ৪টি বাতিল এবং ৮টি বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে।
তিনি আরও বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি ব্যতিক্রমী ও ঐতিহাসিক নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পূর্ণ করতে সকল প্রস্তুতি নির্বাচন কমিশনের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে।
পড়ুন: হাইকোর্টের ৬৬ বেঞ্চ পুনর্গঠন, ৫ বিচারপতি বিচারকাজের বাইরে
দেখুন: আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার প্রতিশ্রুতি বাংলাদেশ-ভারতের |
ইম/


