চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে ২৩৩ টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।
“সবার আগে বাংলাদেশ, ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক” এই স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর বনানীর কড়াইল টিঅ্যান্ডটি মাঠ থেকে মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টায় ভার্চুয়ালি এ কর্মসূচির উদ্বোধন করেন। ঢাকাসহ দেশের ১৪টি এলাকার একটি করে ওয়ার্ডে একযোগে এ ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ উপলক্ষ্যে চরফ্যাশন উপজেলা হলরুমে ভোলা জেলা প্রশাসন আয়োজিত জেলা প্রশাসক ডা. শামীম রহমান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম নয়ন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. শহীদুল্লাহ্ কায়সার, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) এমাদুল হোসেন। এ সময় সমাজসেবা কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে আসলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ২৩৩টি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন অতিথিরা। এসময় ফ্যামিলি কার্ড পেয়ে পরিবারগুলো উচ্ছ্বাস প্রকাশ করেন। উপকারভোগীদের একজন আরজু বেগম বলেন, প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই উনি ওনার কথা রেখেছেন। আমার স্বামী রিক্সা চালক। আমার পরিবারে ননদ প্রতিবন্ধী, শাশুড়ী বৃদ্ধ। ওনাদেরকে আমার চালাতে হয়। ফ্যামিলি কার্ডের টাকা পেয়ে আমি অনেক খুশি।
উল্লেখ্য, বরিশাল বিভাগের মধ্যে ভোলার চরফ্যাশন উপজেলার আছলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
পড়ুন- পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের উপদেষ্টার পদায়ন চান জামায়াত আমির
দেখুন- সাতক্ষীরায় উপকূলের ঐতিহ্য নিয়ে শ্যামনগরে ভিন্নধর্মী মেলা


