গত কয়েকদিনের টানা ভারি বর্ষণে রাঙামাটিতে প্লাবিত হওয়া পাকা ফসলি ধান ক্ষেত থেকে ধান কেটে কৃষকদের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে হিল আনসার ও হিল ভিডিপি সদস্যরা।
আজ সোমবার (২ জুন) সকালে রাঙামাটির বরকল উপজেলায় প্লাবিত হওয়া কৃষকের পাকা ধান কেটে বোটযোগে বাড়িতে পৌঁছে দেয়া হয়।
এছাড়াও জেলার লংগদু, নানিয়ারচর, বিলাইছড়ি এবং জুরাছড়ি উপজেলার বিভিন্ন জায়গায় ও সড়কে পাহাড়ধসের ঘটনায় যান চলাচল স্বাভাবিক করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে নিরলসভাবে কাজ করছে আনসার সদস্যরা। তাৎক্ষণিক এ সহযোগিতা পেয়ে কৃষকরা আবেগাপ্লুত হয়ে বাংলাদেশ আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এ বিষয়ে রাঙামাটি জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. আনোয়ার হোসেন জানান, রাঙামাটি জেলার নানিয়ারচর, লংগদু, বরকল, জুরাছড়ি ও বিলাইছড়ি উপজেলায় চলমান ভারি বর্ষণে পানি হঠাৎ বৃদ্ধি পাওয়ায় দ্ররিদ্র কৃষকরা অর্থাভাবে ফসল তুলতে না পারায় ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়ে পড়া কৃষকদের আমাদের আনসার ও ভিডিপির সদস্যরা ধান কেটে ও বোটে করে বাড়িতে পৌঁছানোর কাজে সহযোগিতা করছে। তাৎক্ষণিক এ সহযোগিতা পেয়ে অধিকাংশ ধান চাষী আবেগাপ্লুত হয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, জেলার বিভিন্ন উপজেলায় আনসার বাহিনীর সদস্যরা পাহাড় ধসসহ প্রাকৃতিক নানা দুর্যোগে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এনএ/


