নেত্রকোনার মদন উপজেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৪০ গ্রাম গাঁজাসহ মো. রুয়েল মিয়া (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের গোবিন্দশ্রী পশ্চিম পাড়া (সুজন বাজার) এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে মদন থানা পুলিশ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মো. রুয়েল মিয়া ওই গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনা চলছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযানে নামে পুলিশ। মদন থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়সালের নেতৃত্বে পুলিশের একটি দল গোবিন্দশ্রী পশ্চিম পাড়া এলাকায় রুয়েল মিয়ার বসতঘরে আকস্মিক তল্লাশি চালায়। এ সময় তার ঘর থেকে অবৈধ ৩৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং হাতেনাতে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসনাত জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, “মাদকদ্রব্য উদ্ধার ও আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।”
তিনি আরও জানান, সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এবং এলাকা সম্পূর্ণরূপে মাদকমুক্ত রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের সাথে কোনো ধরনের আপস করা হবে না।
পড়ুন- ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা আজ, সবার নজর ইসলামাবাদে


