চলতি মাসে তিনটি ওয়ানডে ম্যাচ খেলার জন্য বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল। আসন্ন এই সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেবেন দলের বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি।
অনেকটা চমক রেখেই দল ঘোষণা করেছে পিসিবি। পাকিস্তান দলে জায়গা পেয়েছেন মোট ছয়জন নতুন ক্রিকেটার। কিন্তু ১৫ সদস্যের এই দলে জায়গা হয়নি অভিজ্ঞ ক্রিকেটার বাবর আজমের। এছাড়া স্কোয়াডে জায়গা পাননি অলরাউন্ডার সাইম আইয়ুবও। আর ইনজুরিতে পড়ার কারণে অনেক আগেই ছিটকে গেছেন ফখর জামান।
নতুন মুখরা হলেন- আব্দুল সামাদ, মাজ সাদাকাত, মোহাম্মদ গাজি ঘোরি, সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান ও শামিল হুসেইন। এদের মধ্যে সামাদ, সাদাকাত, সাদ মাসুদ ও শামিল হুসেইন সম্প্রতি পাকিস্তান শাহিনসের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে খেলেছেন।
১১ থেকে ১৫ মার্চ পর্যন্ত সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ১১ মার্চ প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। একদিন পরে দ্বিতীয় এবং ১৫ মার্চ শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
১৫ সদস্যের পাকিস্তান দল
শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আক্রম, হারিস রউফ, হুসেইন তালাত, মাআজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ গাজি ঘোরি (উইকেটরক্ষক), সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলি আগা ও শামিল হুসেইন।
পড়ুন : বাংলাদেশের বিপক্ষে বাবরকে খেলানো প্রসঙ্গে যা বললেন শেহজাদ


