ভারত বাংলাদেশের সঙ্গে কোনো বিরোধ বা উত্তেজনা চায় না বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। নেটওয়ার্ক১৮-এর প্রধান সম্পাদক রাহুল জোশির সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
রাজনাথ সিং বলেন, আমরা বাংলাদেশের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চাই না। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূসকে তার বক্তব্যের বিষয়ে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, ভারত যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম, তবে আমরা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই।
সম্প্রতি শেখ হাসিনা সরকারের পতন এবং নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর ভারত–বাংলাদেশ সম্পর্ক কিছুটা উতপ্ত হয়ে উঠেছে।
এরই মধ্যে ঢাকায় পাকিস্তানের সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফস কমিটি (সিজিসিএসসি)-এর চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা এবং তুরস্কের পার্লামেন্টের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন ড. মুহাম্মদ ইউনূস। এই দুই দেশের সঙ্গেই ভারতের কূটনৈতিক সম্পর্ক দীর্ঘদিন ধরে তিক্ত।
পড়ুন: নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক
আর/


