ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুফতি মিজানুর রহমান কাসেমী বলেছেন, “এতো বছর যারা ক্ষমতায় ছিল, তারা কখনো পাথরঘাটার মানুষের কষ্ট বুঝতে পারেনি। আমরা এই অঞ্চলের মাটি ও মানুষের লোক। আমরা মাটি ও মানুষের পাশে থাকতে চাই।”
বৃহস্পতিবার (২৪ জুলাই) বরগুনা-২ আসনের প্রার্থী মুফতি মিজানুর রহমান কাসেমী পাথরঘাটার আবু সাঈদ চত্বরে প্রথম গণসংযোগ করেন এবং বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে পথসভায় বক্তব্য রাখেন।
এক পথসভায় তিনি বলেন, “একদল ৫ আগস্টের পর লুটপাট করে পালিয়ে গেছে। অন্যদিকে আরেক দল নিরীহ মানুষকে মামলার ফাঁদে ফেলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এরা হেভিওয়েটের নাম ব্যবহার করে দোকানে দোকানে চাঁদাবাজি করছে। পাথরঘাটায় কোনো চাঁদাবাজি হতে দেব না।”বাংলাদেশে চাঁদাবাজদের কোনো জায়গা হবে না।
তিনি আরও বলেন, “আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। আমি চরমোনাই পীরের শিষ্য। আমরা রাজনীতি করি মানুষের ন্যায্য অধিকার আদায়ের জন্য। যদি আপনারা আমাদের পাশে থাকেন, ইনশাআল্লাহ এই জনপদের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না।”
পাথরঘাটায় গণসংযোগ শেষে তিনি চরদুয়ানী, কাকচিড়া, ডৌয়াতলা এবং বামনা উপজেলা সদরে বিভিন্ন বাজারে গণসংযোগ করছেন।
গণসংযোগে মুফতি কাসেমীর সঙ্গে স্থানীয় ইসলামী আন্দোলনের নেতাকর্মী, ধর্মপ্রাণ তরুণ যুবক ও সুশীল সমাজের প্রতিনিধিরাও অংশ নেন।
পড়ুন: বরগুনায় ৫ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেফতার
এস/


